পবিত্র রমজান মাস উপলক্ষে পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদে সাপ্তাহিক জুমার নামাজ আদায়ের জন্য ১০ হাজার ফিলিস্তিনি মুসল্লিকে প্রবেশের অনুমতি দেওয়ার ঘোষণা দিয়েছে দখলদার ইসরাইল। বুধবার (১৮ ফেব্রুয়ারি) রমজান শুরু হওয়ার পর এই সিদ্ধান্ত জানানো হয়। খবর আরব নিউজের।
তবে এই অনুমতি দেওয়া হলেও মসজিদ প্রাঙ্গণে প্রবেশে একাধিক বিধিনিষেধ আরোপ করা হয়েছে, যা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
ইসরাইলি কর্তৃপক্ষ জানিয়েছে, নির্দিষ্ট বয়সসীমার মধ্যে থাকা মুসল্লিরাই কেবল আল-আকসা প্রাঙ্গণে প্রবেশ করতে পারবেন।
নির্ধারিত শর্ত অনুযায়ী—
-
৫৫ বছর বা তার বেশি বয়সি পুরুষ
-
৫০ বছর বা তার বেশি বয়সি নারী
-
সর্বোচ্চ ১২ বছর বয়সি শিশু (প্রথম শ্রেণির আত্মীয়ের সঙ্গে)
এদের বাইরে অন্য কেউ জুমার নামাজের জন্য প্রবেশ করতে পারবেন না।
অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে বেসামরিক বিষয়ক দায়িত্বপ্রাপ্ত ইসরাইলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংস্থা ‘সিওজিএটি’ এক বিবৃতিতে জানিয়েছে, রমজান মাসজুড়ে জুমার নামাজের জন্য মুসল্লিদের প্রতিদিন আলাদা অনুমতিপত্র সংগ্রহ করতে হবে।
এই শর্ত পূরণ সাপেক্ষে ১০ হাজার ফিলিস্তিনি মুসল্লিকে ‘টেম্পল মাউন্ট’ এলাকায় প্রবেশের অনুমতি দেওয়া হবে।
রমজান মাসে আল-আকসা মসজিদে নামাজ আদায় ফিলিস্তিনি মুসলমানদের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। তবে প্রতি বছরই নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতির কারণে প্রবেশে নানা বিধিনিষেধ আরোপ করা হয়।
এবারও অনুমতি দেওয়া হলেও কঠোর বয়সসীমা ও অনুমতিপত্রের শর্ত অনেকের কাছে প্রশ্নের জন্ম দিয়েছে। বিশেষ করে তরুণদের প্রবেশে সীমাবদ্ধতা আরোপ নতুন করে অসন্তোষের কারণ হতে পারে বলে বিশ্লেষকদের ধারণা।

