এশিয়ার দুই দেশে মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। একটির মাত্রা ছিল ৫ দশমিক ৮ এবং অন্যটির ৫ দশমিক ৯। তবে এখন পর্যন্ত বড় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, শুক্রবার (২০ ফেব্রুয়ারি) আফগানিস্তানের পূর্বাঞ্চলে রিখটার স্কেলে ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এর কেন্দ্রস্থল ছিল রাজধানী কাবুল থেকে প্রায় ১৩০ কিলোমিটার (৮০ মাইল) উত্তর-পূর্বে।
রাজধানীর পশ্চিমের বামিয়ান ও ওয়ারদাক প্রদেশের বাসিন্দারাও কম্পন অনুভব করেছেন বলে জানিয়েছেন।
অন্যদিকে, একই দিনে স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৯ মিনিটে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া (কেপি) ও পাঞ্জাবের বিভিন্ন এলাকায় ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়।
পাকিস্তানের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চল এবং এর গভীরতা ছিল ১০১ কিলোমিটার।
দ্য ডন-এর প্রতিবেদনে বলা হয়েছে, শাংলা, সোয়াত, মারদান, সোয়াবি ও নওশেরা এলাকায় কম্পন টের পাওয়া গেছে।
দুই দেশেই ভূমিকম্পে বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর এখনো পাওয়া যায়নি। তবে কম্পনের কারণে অনেক এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং মানুষ ঘরবাড়ি থেকে বের হয়ে খোলা জায়গায় আশ্রয় নেয়।
ভূমিকম্পপ্রবণ হিন্দুকুশ অঞ্চল অতীতেও মাঝারি থেকে শক্তিশালী কম্পনের জন্য পরিচিত। বিশেষজ্ঞরা বলছেন, এই অঞ্চলে নিয়মিত ভূমিকম্প হওয়া অস্বাভাবিক নয়।

