মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার ঘোষণা করেছেন, তিনি লুইজিয়ানা অঙ্গরাজ্যের গভর্নর জেফ ল্যান্ড্রি এর সঙ্গে মিলিত হয়ে গ্রিনল্যান্ডে একটি হাসপাতাল জাহাজ পাঠাচ্ছেন। এই জাহাজের মাধ্যমে সেখানে অসুস্থ এবং যথাযথ সেবা না পাওয়া মানুষের চিকিৎসা নিশ্চিত করার পরিকল্পনা করা হয়েছে। সূত্র: রয়টার্স
ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টে লিখেছেন, “লুইজিয়ানার অসাধারণ গভর্নরের সঙ্গে কাজ করে আমরা গ্রিনল্যান্ডে একটি বড় হাসপাতাল জাহাজ পাঠাচ্ছি, যেন সেখানে অসুস্থদের চিকিৎসা করা যায়। জাহাজটি রওনা দিয়েছে।”
গ্রিনল্যান্ড হলো ডেনমার্কের একটি স্বায়ত্তশাসিত অঞ্চল, যা ট্রাম্প আগের থেকেই যুক্তরাষ্ট্রের অংশ করার আগ্রহ দেখিয়ে আসছেন। তবে হোয়াইট হাউস বা গভর্নরের দপ্তর এখন পর্যন্ত জানাননি, জাহাজটি ডেনমার্ক বা গ্রিনল্যান্ডের অনুরোধে পাঠানো হচ্ছে কি না এবং কী ধরনের মানুষ চিকিৎসা পাবেন।
একই দিন ডেনমার্কের জয়েন্ট আর্কটিক কমান্ড জানিয়েছে, গ্রিনল্যান্ডের জলসীমায় একটি মার্কিন সাবমেরিনের নাবিকের জরুরি চিকিৎসা প্রয়োজন হয়েছিল, পরে তাকে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়। তবে ট্রাম্পের পোস্ট ও ওই উদ্ধার অভিযানের মধ্যে কোনো সম্পর্ক আছে কি না তা স্পষ্ট নয়।
মার্কিন নৌবাহিনীর কাছে দুটি হাসপাতাল জাহাজ রয়েছে—ইউএসএনএস মার্সি এবং ইউএসএনএস কমফোর্ট। তবে এগুলোর কোনোটি লুইজিয়ানায় অবস্থান করছে না।

