ভারতের লখনৌ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নামাজ পড়া মুসলিম শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে তাদের হিন্দু সহপাঠীরা মানবঢাল হয়ে দাঁড়ানোর ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া
জানা যায়, বিশ্ববিদ্যালয় চত্বরে অবস্থিত প্রায় ২০০ বছরের পুরোনো লাল বড়দারি মসজিদ কমপ্লেক্স সম্প্রতি প্রশাসন তালাবদ্ধ করে দেয়। কর্তৃপক্ষের দাবি, ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় দুর্ঘটনা এড়াতে এটি বন্ধ করা হয়েছে। তবে শিক্ষার্থীদের অভিযোগ, রমজান মাসে কোনো নোটিশ ছাড়াই মসজিদ বন্ধ করে দেওয়া হয়েছে।
রোববার শিক্ষার্থীরা এ সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ করেন। বিক্ষোভ চলাকালে মুসলিম শিক্ষার্থীরা মসজিদের বাইরে নামাজ আদায় করেন। এ সময় সম্ভাব্য বাধা এড়াতে হিন্দু শিক্ষার্থীরা তাদের চারপাশ ঘিরে মানবঢাল তৈরি করেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, লাল বড়দারি ভবনটি ক্ষতিগ্রস্ত এবং যে কোনো সময় ভেঙে পড়তে পারে। তাই গেট তালাবদ্ধ করে ব্যারিকেড দেওয়া হয়েছে। তবে শিক্ষার্থীরা দ্রুত মসজিদ খুলে দেওয়ার দাবি জানিয়েছেন।
এ ঘটনায় কংগ্রেস নেতা ইমরান প্রতাপগরি শিক্ষার্থীদের প্রতি সমর্থন জানিয়েছেন।
উল্লেখ্য, লাল বড়দারি কমপ্লেক্সটি ১৮০০ সালে নবাব নাসিরউদ্দিন হায়দার নির্মাণ করেন এবং বর্তমানে এটি সংরক্ষিত ঐতিহাসিক স্থাপনা।

