প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, নিজের দায়িত্বকালে তিনি মৃত অবস্থার আমেরিকাকে আকর্ষণীয় (জনপ্রিয়) করে তুলেছেন। হোয়াইট হাউসে প্রত্যাবর্তনের প্রথম বছরের মূল্যায়ন তুলে ধরে দেওয়া ভাষণে তিনি বলেন, দেশ এখন বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় অবস্থানে রয়েছে।
বুধবার নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ট্রাম্প মার্কিন কংগ্রেসের সামনে বলেন, “আমাদের জাতি আগের যে কোনো সময়ের চেয়ে বড়, উন্নত, সমৃদ্ধ এবং শক্তিশালী হয়ে ফিরে এসেছে। এক বছর আগে আমরা একটি মৃত দেশ ছিলাম; এখন বিশ্বের যে কোনো প্রান্তের তুলনায় আমেরিকা সবচেয়ে আকর্ষণীয়।”
মুদ্রাস্ফীতি, গ্যাসের দাম এবং কর্মসংস্থানের বিষয়ে ট্রাম্প বলেন, “আমাদের ইউনিয়নের অবস্থা এখন শক্তিশালী। বিগত প্রশাসনের চার বছরে যুক্তরাষ্ট্রে মাত্র ১ ট্রিলিয়ন ডলারের নতুন বিনিয়োগ এসেছে। আর মাত্র ১২ মাসে আমি সারা বিশ্ব থেকে ১৮ ট্রিলিয়ন ডলারের বেশি বিনিয়োগের প্রতিশ্রুতি নিশ্চিত করেছি।”
তিনি আরও বলেন, তার প্রশাসন এমন একটি আমেরিকা গড়ে তুলছে, যেখানে প্রতিটি শিশু উচ্চতর শিক্ষায় পৌঁছানোর সুযোগ পাবে, সরকার ক্ষমতাশালীদের নয় বরং জনগণের কাছে জবাবদিহি করবে, এবং যেখানে কঠোর পরিশ্রমী নাগরিকদের স্বার্থই প্রধান লক্ষ্য।
ট্রাম্প ডেমোক্র্যাটদের সমালোচনা করে বলেন, “গত বছর আমি কংগ্রেসকে আমেরিকার ইতিহাসের সবচেয়ে বড় কর হ্রাসের বিল পাস করতে আহ্বান জানিয়েছিলাম। আমাদের রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠতা তা বাস্তবায়ন করেছে, কিন্তু সব ডেমোক্র্যাট বিপক্ষে ভোট দিয়েছে।”
স্বাস্থ্যসেবার বিষয়ে ট্রাম্প বলেন, তিনি বড় বিমা কোম্পানিগুলোকে দেওয়া অর্থ বন্ধ করতে চান এবং সেই অর্থ সরাসরি জনগণকে দিতে চান, যাতে তারা কম খরচে উন্নত স্বাস্থ্যসেবা কিনতে পারে।
৭৯ বছর বয়সী ট্রাম্প আশা প্রকাশ করেন, এই ভাষণ ভোটারদের কাছে তার প্রথম বছরের দ্রুতগতিসম্পন্ন ও গুরুত্বপূর্ণ সাফল্য তুলে ধরবে।
বর্তমানে মধ্যবর্তী নির্বাচনের জনমত জরিপে ট্রাম্প ও তার দল রিপাবলিকান পার্টি পিছিয়ে থাকলেও, তিনি দ্বিতীয় মেয়াদের প্রথম আনুষ্ঠানিক ভাষণে আপসহীন ও চ্যালেঞ্জিং সুর বজায় রেখেছেন।

