ইসরায়েলের হামলায় ইরানের প্রতিরক্ষামন্ত্রী আমির নাসিরজাদেহ ও বিপ্লবী গার্ডের কমান্ডার মোহাম্মদ পাকপুর নিহত হয়েছেন বলে জানা গেছে।
শনিবার বার্তাসংস্থা রয়টার্স তিনটি সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের সামরিক অভিযানের সঙ্গে জড়িত দুটি সূত্র এবং একটি আঞ্চলিক সূত্র ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ডের কমান্ডার নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।
এদিকে টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ইসরায়েলি কর্মকর্তাদের ধারণা, সকালের হামলায় বিপ্লবী গার্ডের কমান্ডারের পাশাপাশি ইরানের গোয়েন্দা প্রধানও নিহত হয়েছেন।
শনিবার সকাল থেকেই ইরানে হামলা শুরু করে ইসরায়েল। পরে একপর্যায়ে এতে যুক্ত হয় যুক্তরাষ্ট্র। হামলার লক্ষ্য ছিল ইরান সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা ও সামরিক কমান্ডারদের হত্যা করা। তবে এই হামলার চূড়ান্ত ফলাফল এখনো স্পষ্ট নয়।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, ‘আমরা হয়তো কয়েকজন কমান্ডারকে হারিয়েছি, কিন্তু এটি বড় কোনো সমস্যা নয়।’

