ফেব্রুয়ারি শেষে আন্তর্জাতিক বাজারে কয়লার দাম প্রতি টন ১১৯ ডলার অতিক্রম করেছে। এটি ২০২৪ সালের ডিসেম্বরের পর সর্বোচ্চ। পরিবেশবান্ধব জ্বালানির দিকে বিশ্বজুড়ে ঝোঁক থাকলেও, বড় অর্থনীতির দেশগুলো জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে কয়লার চাহিদা বাড়াচ্ছে। ফলশ্রুতিতে দাম ধারাবাহিকভাবে ঊর্ধ্বমুখী। খবর হেলেনিক শিপিং নিউজ।
বিশ্বের বৃহত্তম কয়লা উৎপাদনকারী ও ভোক্তা দেশ চীন, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে নতুন কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন অব্যাহত রেখেছে। বেইজিং এখন বৈদ্যুতিক গ্রিডের সক্ষমতা ও নির্ভরযোগ্যতাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। বিনিয়োগকারীরা চীনের ৪ মার্চ থেকে শুরু হতে যাওয়া বার্ষিক ‘টু সেশনস’ বৈঠকের দিকে তাকিয়ে আছেন। বৈঠকে ২০২৬-৩০ মেয়াদের ১৫তম পঞ্চবার্ষিক পরিকল্পনার নীতিগত লক্ষ্যগুলো ঘোষণা করার কথা রয়েছে।
এদিকে যুক্তরাষ্ট্রেও কয়লা খাতকে পুনরুজ্জীবিত করতে উদ্যোগ নিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংকটে থাকা ছয়টি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র আধুনিক করার জন্য তিনি ১৭ কোটি ৫০ লাখ ডলার ফেডারেল তহবিল বরাদ্দ করেছেন। এছাড়া মার্কিন প্রতিরক্ষা বিভাগকে অতিরিক্ত বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ কেনার নির্দেশ দেওয়া হয়েছে।

