ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, সর্বশেষ যুদ্ধ শুরু করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, তবে যুদ্ধ কীভাবে এবং কখন শেষ হবে তা নির্ধারণ করবে ইরান।
রোববার এক্সে দেওয়া এক বার্তায় তিনি লিখেছেন, “আমাদের ঠিক পূর্ব ও পশ্চিমে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর পরাজয় নিয়ে আমরা দুই দশক ধরে বিশ্লেষণা করেছি। সেই অনুযায়ী আমরা শিক্ষা গ্রহণ করেছি।” এতে তিনি ২০০০-এর দশকের শুরুতে ইরাক ও আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসনের কথা উল্লেখ করেন।
তিনি আরও বলেন, “আমাদের রাজধানীতে বোমা হামলা আমাদের যুদ্ধ পরিচালনার সক্ষমতায় কোনো প্রভাব ফেলতে পারে না।”
আরাঘচি জোর দিয়ে বলেন, “বিকেন্দ্রীকৃত মোজাইক প্রতিরক্ষা আমাদেরকে নির্ধারণ করতে সক্ষম করে—কখন এবং কীভাবে এই যুদ্ধের সমাপ্তি ঘটবে।”
ওমানের মধ্যস্থতায় তেহরান ও ওয়াশিংটনের মধ্যে পরোক্ষ পারমাণবিক আলোচনা চলাকালে, গত শনিবার ২৮ ফেব্রুয়ারি সকাল থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর হামলা শুরু করে।
বৃহস্পতিবার জেনেভায় অনুষ্ঠিত সর্বশেষ দফার বৈঠকে উভয় পক্ষ “উল্লেখযোগ্য অগ্রগতি” স্বীকার করেছিল—কিন্তু সাম্প্রতিক সামরিক উত্তেজনার কারণে সেই কূটনৈতিক প্রচেষ্টা এখন ছাপিয়ে গেছে।
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাবে—যার ফলে ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনি, কয়েকজন জ্যেষ্ঠ সামরিক কমান্ডার এবং শত শত বেসামরিক মানুষ শহীদ হয়েছেন—ইরান “অপারেশন ট্রু প্রমিজ ৪” শুরু করেছে। এর অংশ হিসেবে ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তু এবং অঞ্চলে থাকা যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোতে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে।
সূত্র: তাসনিম নিউজ

