ইরানকে ঘিরে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক অভিযান ‘অপারেশন রোয়ারিং লায়ন’ শুরু হওয়ার পর মধ্যপ্রাচ্যজুড়ে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
সংঘাতের প্রভাব ক্রমেই বাড়ছে। ইসরায়েলে আহতের সংখ্যা বাড়ছে ধারাবাহিকভাবে। একই সময়ে সৌদি আরবের তেল শোধনাগারে ড্রোন হামলার খবর পাওয়া গেছে।
তবে এই উত্তেজনার মধ্যেও কিছুটা স্বস্তির বার্তা এসেছে আন্তর্জাতিক অঙ্গন থেকে।
জাতিসংঘের পারমাণবিক তদারকি সংস্থা আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা-এর মহাপরিচালক রাফায়েল গ্রসি সোমবার (২ মার্চ) এক বিবৃতিতে জানিয়েছেন, ইরানের কোনো পারমাণবিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার প্রমাণ এখনো পাওয়া যায়নি।
তিনি বলেন, এখন পর্যন্ত এমন কোনো তথ্য তাদের কাছে নেই যা নিশ্চিত করে যে ইরানের কোনো পারমাণবিক স্থাপনা আক্রান্ত হয়েছে বা ক্ষতির শিকার হয়েছে।
পরিস্থিতি যেন আরও অবনতি না ঘটে, সে জন্য সব পক্ষকে সর্বোচ্চ সংযম দেখানোর আহ্বান জানান তিনি। একই সঙ্গে তিনি কূটনৈতিক প্রচেষ্টা জোরদার এবং আলোচনার টেবিলে ফেরার ওপর গুরুত্ব আরোপ করেন।
এ ছাড়া ইরানি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা অব্যাহত রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
সূত্র: ইরান ইন্টারন্যাশনাল

