ইরানের সাম্প্রতিক হামলার প্রেক্ষাপটে কাতারের সঙ্গে সংহতি প্রকাশ করেছে রাশিয়া। এ বিষয়ে টেলিফোনে কথা বলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। সূত্র: আল-জাজিরা
আমিরের কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, পুতিন কাতারের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেছেন এবং যেকোনো ধরনের সহায়তা দিতে রাশিয়া প্রস্তুত বলে জানিয়েছেন। এ সময় রুশ প্রেসিডেন্টের প্রতি কৃতজ্ঞতা জানান শেখ তামিম।
ফোনালাপে দুই নেতা মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। তারা আঞ্চলিক উত্তেজনা প্রশমনে কূটনৈতিক উদ্যোগ জোরদারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে সমন্বিত প্রচেষ্টার বিষয়েও মতবিনিময় হয়।

