ইরানের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় সমর্থনের ঘোষণা দিয়েছে চীন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এক ফোনালাপে ইরানের প্রতি এই সমর্থন পুনর্ব্যক্ত করে।
সোমবার ইরানের অনুরোধে আয়োজিত ফোনালাপে চীনের পররাষ্ট্রমন্ত্রী এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বর্তমান আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।
আলাপচারিতায় আরাঘচি অভিযোগ করেন, ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার মধ্যেই ওয়াশিংটন দ্বিতীয়বারের মতো ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে। তিনি বলেন, ‘আলোচনায় ইতিবাচক অগ্রগতি সত্ত্বেও যুক্তরাষ্ট্রের পদক্ষেপ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে এবং ইরানের ‘লাল রেখা’ অতিক্রম করেছে’।
তিনি বলেন, ‘ইরানের সামনে সর্বশক্তি দিয়ে আত্মরক্ষা ছাড়া আর কোনো বিকল্প নেই।’
ফোনালাপে ওয়াং ই বলেন, ‘চীন ইরানের ঐতিহ্যবাহী বন্ধুত্বকে মূল্য দেয় এবং দেশটির বৈধ অধিকার ও স্বার্থ রক্ষায় সমর্থন জানায়’।
তিনি আরো জানান, চীন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে অবিলম্বে সামরিক অভিযান বন্ধ করার আহ্বান জানিয়েছে, যাতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও না বাড়ে এবং সংঘাত বিস্তার লাভ না করে।
ওয়াং ই বলেন, ‘বর্তমান জটিল পরিস্থিতিতে ইরান জাতীয় ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে সক্ষম হবে বলে আমরা বিশ্বাস করি।’ পাশাপাশি ইরানে অবস্থানরত চীনা নাগরিক ও প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করার ওপরও জোর দেন তিনি।
আরাঘচি জানান, ইরান চীনা নাগরিক ও প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ চেষ্টা করবে।

