গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্যপথ হরমুজ প্রণালী বন্ধ রাখা হবে বলে কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেছে ইরানের অভিজাত সামরিক বাহিনী ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।
সংস্থাটি জানিয়েছে, ‘শত্রুদের ওপর পর্যাপ্ত চাপ’ সৃষ্টি না হওয়া পর্যন্ত প্রণালীটি বন্ধই থাকবে।
আইআরজিসির শীর্ষ কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এব্রাহিম জাবারি সোমবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া ভাষণে এ কথা বলেন। তিনি দাবি করেন, বর্তমানে বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ৮১ ডলার। তবে হরমুজ প্রণালী বন্ধ থাকলে অল্প সময়ের মধ্যেই সেই দাম ২০০ ডলারে পৌঁছাতে পারে।
জাবারি আরো বলেন, নিষেধাজ্ঞা অমান্য করে কোনো জাহাজ যদি এ প্রণালী দিয়ে চলাচলের চেষ্টা করে, তাহলে আইআরজিসির নৌবাহিনী ও সেনা সদস্যরা তা লক্ষ্য করে গুলি চালাবে।
আরব সাগর ও পারস্য উপসাগরকে সংযুক্তকারী হরমুজ প্রণালী আন্তর্জাতিক জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ রুট। প্রতিদিন বিশ্বে পরিবাহিত তেল ও তরল গ্যাসবাহী জাহাজের প্রায় ২০ শতাংশ এই পথ ব্যবহার করে।
টেলিভিশন ভাষণে জাবারি জানান, শুধু সমুদ্রপথ নয়, এ অঞ্চলের পাইপলাইনগুলোকেও লক্ষ্যবস্তু করা হতে পারে। তাঁর ভাষায়, মধ্যপ্রাচ্য থেকে কোনো তেল বাইরে যেতে দেওয়া হবে না, যতদিন না শত্রুদের ওপর যথেষ্ট চাপ সৃষ্টি করা সম্ভব হয়।
তিনি আরো মন্তব্য করেন, যুক্তরাষ্ট্র বিপুল ঋণের বোঝা বহন করছে এবং এ অঞ্চলের তেলের ওপর নির্ভরশীল। তবে বর্তমান পরিস্থিতিতে তারা ‘এক ফোঁটা তেলও’ পাবে না বলে হুঁশিয়ারি দেন তিনি।

