মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার প্রেক্ষাপটে কাতারে অবস্থানরত বিদেশি নাগরিকদের জন্য স্বস্তির খবর এসেছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় সব ধরনের এন্ট্রি ভিসার মেয়াদ এক মাস বাড়ানোর ঘোষণা দিয়েছে। প্রয়োজনে এই সময়সীমা আরও বাড়ানো হতে পারে বলেও জানানো হয়েছে।
আজ মঙ্গলবার (৩ মার্চ) এক আনুষ্ঠানিক বিবৃতিতে কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সিদ্ধান্তের কথা জানায়। সিদ্ধান্ত অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি থেকে এটি কার্যকর হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কাতারে ইস্যু করা সব ধরনের এন্ট্রি ভিসা স্বয়ংক্রিয়ভাবে এক মাসের জন্য নবায়ন হবে। এ প্রক্রিয়া সম্পন্ন হবে অনলাইনে পরিচালিত ইলেকট্রনিক সিস্টেমের মাধ্যমে। ভিসাধারীদের আলাদা করে আবেদন করতে হবে না। কোনো ফিও পরিশোধ করতে হবে না। সংশ্লিষ্ট দপ্তরে সরাসরি যাওয়ার প্রয়োজনও নেই।
তবে ২৮ ফেব্রুয়ারির আগে যেসব ভিসার মেয়াদ ইতোমধ্যে শেষ হয়েছে এবং নির্ধারিত সময় অতিক্রম করেছে, তাদের ক্ষেত্রে পূর্বের অতিরিক্ত অবস্থানের জন্য নির্ধারিত জরিমানা পরিশোধ করতে হবে। জরিমানা পরিশোধের পর ২৮ ফেব্রুয়ারি থেকে তারাও বাড়তি এক মাসের সুবিধা পাবেন এবং এ সময়ের জন্য অতিরিক্ত ফি প্রযোজ্য হবে না।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, দেশটিতে অবস্থানরত বাসিন্দা ও ভ্রমণকারীদের আইনগত অবস্থান স্থিতিশীল রাখতে পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রয়োজনে ভবিষ্যতে আরও সিদ্ধান্ত নেওয়া হবে।

