ইরানে নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের প্রক্রিয়া দীর্ঘায়িত হবে না বলে জানিয়েছেন দেশটির বিশেষজ্ঞ পরিষদের সদস্য আলী মোয়ালেমি। ইরানে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পরিচালিত বার্তা সংস্থা আইএসএনএ–এর প্রতিবেদন থেকে এমনটা জানা গেছে।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর ইরানের এ বিশেষজ্ঞ পরিষদই নতুন সর্বোচ্চ নেতা নির্বাচন করবে।
আলী মোয়ালেমি বলেন, ‘বিশেষজ্ঞ পরিষদের সদস্যরা শপথ নিয়েছেন যে, নতুন নেতা নির্বাচনের ক্ষেত্রে কোনো ব্যক্তি বা রাজনৈতিক ও দলীয় গোষ্ঠীর প্রতি ‘ব্যক্তিগত পছন্দের’ বিষয়টি প্রভাব ফেলবে না।
তাঁরা নিজেদের বিবেচনাবোধ ও ধর্মীয় বিধির সঙ্গে সঙ্গতি রেখে ভোট দেবেন।’তিনি আরও বলেন, ‘বিশেষজ্ঞ পরিষদ অতীতের মতো করেই শহীদ বিপ্লবী নেতার (আয়াতুল্লাহ খামেনি) মতো একজন ব্যক্তিত্বকে নির্বাচন করবে।’
গত শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। তাঁর উত্তরসূরি বেছে নেওয়ার কাজটি করবে বিশেষজ্ঞ পরিষদ।
সূত্র: আল জাজিরা

