ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে—এমন কোনো প্রমাণ মস্কো পায়নি বলে জানিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। মঙ্গলবার (৩ মার্চ) এক বিবৃতিতে তিনি এই মন্তব্য করেন।
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে, ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখতে এবং দেশটির দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি নস্যাৎ করতে এই যুদ্ধের প্রয়োজন ছিল।
অন্যদিকে, পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ অস্বীকার করেছে ইরান। তেহরানের পক্ষ থেকে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই হামলা ছিল সম্পূর্ণ উসকানিমূলক। এমন এক সময়ে এই হামলা চালানো হয়েছে যখন তেহরান ও ওয়াশিংটন একটি পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনায় লিপ্ত ছিল।
উল্লেখ্য, ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করার লক্ষ্যে ২০১৫ সালে স্বাক্ষরিত আন্তর্জাতিক চুক্তি থেকে ২০১৮ সালে নিজের প্রথম মেয়াদে সরে দাঁড়িয়েছিলেন ট্রাম্প। চুক্তিটি স্বাক্ষরের মাত্র তিন বছরের মাথায় তিনি এই সিদ্ধান্ত নিয়েছিলেন।

