ইরান আলোচনার চেষ্টা করেছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, ‘খুব দেরি হয়ে গেছে।’
মঙ্গলবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।
ট্রাম্পের দাবি, চলমান সংঘাতে ইরানের সামরিক নেতৃত্ব এবং গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা সক্ষমতা গুরুতরভাবে দুর্বল হয়ে পড়েছে।
তিনি লিখেছেন, ‘তাদের বিমান প্রতিরক্ষা, বিমান বাহিনী, নৌবাহিনী এবং সামরিক নেতৃত্ব ধ্বংস হয়ে গেছে। তারা এখন কথা বলতে চায়। আমি বলেছি, খুব দেরি হয়ে গেছে।’

ট্রুথ সোশ্যালে দেওয়া ওই পোস্টে ট্রাম্প গণমাধ্যম ওয়াশিংটন পোস্টের একটি নিবন্ধের কথাও উল্লেখ করেন। নিবন্ধটির শিরোনাম ছিল, ‘আমরা ট্রাম্প তত্ত্বের সাক্ষী হচ্ছি: রিগ্যানের মতো প্রেসিডেন্ট এমন একটি উপায় খুঁজে পেয়েছেন, যেখানে স্থলবাহিনী মোতায়েন না করেই বিশ্বব্যবস্থা বদলে দেওয়া যায়।’
এদিকে, আরেকটি পোস্টে মার্কিন সামরিক শক্তি নিয়েও কথা বলেন ট্রাম্প।
তিনি বলেন, যুক্তরাষ্ট্রের গোলাবারুদের মজুদ প্রায় সীমাহীন। শুধু এই মজুদ ব্যবহার করেই দীর্ঘ সময় ধরে সফলভাবে যুদ্ধ চালানো সম্ভব।
উল্লেখ্য, গত বছর দ্বিতীয় মেয়াদ শুরুর আগে নির্বাচনী প্রচারণায় নতুন কোনো যুদ্ধ শুরু না করার আংশিক প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প।
এর পরিবর্তে তিনি অর্থনীতিতে গুরুত্ব দেওয়ার কথা বলেন। পাশাপাশি ইরাক ও আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদি যুদ্ধেরও কঠোর সমালোচনা করেছিলেন।

