যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে দেশটির পবিত্র শহর মাশহাদে দাফন করা হবে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।
দেশটির সংবাদ সংস্থা ফারস নিউজ এজেন্সি এ তথ্য প্রকাশ করেছে।
খবরে বলা হয়েছে, খামেনির দাফন সম্পন্ন হবে ইরানের দ্বিতীয় বৃহত্তম শহর মাশহাদে, যা তাঁর জন্মস্থানও। শহরটি ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় কেন্দ্র হিসেবে পরিচিত।
মাশহাদের ঐতিহাসিক ইমাম রেজা মাজার কমপ্লেক্সে তাঁর বাবার সমাধি রয়েছে। সেখানেই তাঁকে সমাহিত করার পরিকল্পনা করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
আয়াতুল্লাহ আলি খামেনি দীর্ঘ ৩৬ বছর ধরে ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালন করেন। দেশটির রাজনীতি, সামরিক নীতি ও আঞ্চলিক কৌশল নির্ধারণে তিনি ছিলেন প্রধান ব্যক্তিত্ব।
৮৬ বছর বয়সে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় তাঁর মৃত্যু ঘটে বলে জানানো হয়েছে।
তবে খামেনির দাফনের সুনির্দিষ্ট তারিখ এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। ইরানের কর্তৃপক্ষ পরে এ বিষয়ে বিস্তারিত জানাবে বলে ধারণা করা হচ্ছে।
বিশ্লেষকদের মতে, তাঁর মৃত্যু এবং দাফনকে ঘিরে ইরানে ব্যাপক রাজনৈতিক ও ধর্মীয় গুরুত্ব তৈরি হয়েছে।

