মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে ভূমধ্যসাগরে বিমানবাহী রণতরি ‘চার্লস দ্য গল’ পাঠানোর নির্দেশ দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ। পরিস্থিতি মোকাবিলায় সমুদ্রপথের নিরাপত্তা জোরদার করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ফ্রান্সে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে প্রেসিডেন্ট মাখোঁ এ নির্দেশের কথা জানান। আগে থেকে ধারণ করা ভাষণটি গত মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচার করা হয়।
ভাষণে মাখোঁ বলেন, মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান সংকটের কারণে সমুদ্রপথে জাহাজ চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এ পরিস্থিতিতে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করতে ফ্রান্স একটি আন্তর্জাতিক জোট গঠনের চেষ্টা চালাচ্ছে। প্রস্তাবিত এই জোট বাণিজ্যিক জাহাজ চলাচল সুরক্ষায় সহায়তা করবে বলে তিনি উল্লেখ করেন।
ফরাসি প্রেসিডেন্ট আরও বলেন, হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা এবং চলমান সংঘাতের কারণে সুয়েজ খাল ও লোহিত সাগরে নৌ চলাচল ক্রমেই হুমকির মুখে পড়ছে। এ পরিস্থিতি মোকাবিলায় দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি বলেও তিনি জোর দেন।
সূত্র: রয়টার্স

