ইরানে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হামলার পর পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী কার্যত বন্ধ হয়ে যাওয়ায় বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতা তৈরি হয়েছে। এর প্রভাব সবচেয়ে বেশি পড়েছে ইউরোপের গ্যাস বাজারে, যেখানে স্বল্প সময়ের মধ্যেই প্রাকৃতিক গ্যাসের দাম ১০০ শতাংশের বেশি বেড়ে গেছে।
বাজারের তথ্য অনুযায়ী, ২৭ ফেব্রুয়ারি ইউরোপে গ্যাসের দাম ছিল প্রতি মেগাওয়াট-ঘণ্টায় ৩১.৯৫ ইউরো। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেই দাম বেড়ে দাঁড়িয়েছে ৬৫.৫০ ইউরো।
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি এবং জ্বালানি সরবরাহে সম্ভাব্য ঘাটতির আশঙ্কা এই দাম বৃদ্ধির প্রধান কারণ।
হরমুজ প্রণালী বিশ্ব জ্বালানি পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নৌপথ। বিশ্বের মোট এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) রফতানির প্রায় ২০ শতাংশ এই পথ দিয়েই পরিবাহিত হয়। এর বড় অংশই আসে কাতার থেকে।
সম্প্রতি কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি এবং মেসাইদ শিল্পাঞ্চলে ইরানি ড্রোন হামলার খবর পাওয়া গেছে। নিরাপত্তা ঝুঁকি বাড়ায় কাতারএনার্জি সাময়িকভাবে এলএনজি উৎপাদন বন্ধের ঘোষণা দিয়েছে।
এই ঘোষণার পাশাপাশি হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় আন্তর্জাতিক জ্বালানি বাজারে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
বিশ্লেষকদের মতে, কাতারের উৎপাদন বন্ধের সিদ্ধান্ত এবং ট্যাঙ্কার চলাচলে বিঘ্নের খবর ইউরোপের গ্যাস বাজারে বড় ধরনের অস্থিরতা তৈরি করেছে।
অনেকে মনে করছেন, ২০২২ সালে রাশিয়ার ইউক্রেন আক্রমণের পর এটিই বিশ্ব গ্যাস বাজারে সবচেয়ে বড় ধাক্কা।
এদিকে কাতারএনার্জি তাদের ক্রেতাদের জন্য ‘ফোর্স মাজিউর’ বা অনিবার্য পরিস্থিতি ঘোষণা করেছে। এর ফলে যারা দীর্ঘমেয়াদি চুক্তিতে গ্যাস কিনতেন, তারাও এখন অনিশ্চয়তার মধ্যে পড়েছেন।
বর্তমান পরিস্থিতিতে ইউরোপ ও এশিয়ার দেশগুলো যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার এলএনজি সরবরাহের দিকে ঝুঁকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ফলে বিশ্ববাজারে বিকল্প গ্যাস সরবরাহের জন্য তীব্র প্রতিযোগিতা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।
বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে গ্যাসের মজুদ মাত্র ৩০ শতাংশের কাছাকাছি, যা গত বছরের একই সময়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম।
এই পরিস্থিতি মোকাবিলায় ইউরোপীয় ইউনিয়নের ন্যাচারাল গ্যাস কোঅর্ডিনেশন গ্রুপ আগামী ৪ মার্চ জরুরি বৈঠকে বসতে যাচ্ছে।
সেখানে মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক উত্তেজনার প্রভাব এবং সম্ভাব্য জ্বালানি সংকট মোকাবিলার উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে।

