শ্রীলঙ্কা তাদের সামুদ্রিক সীমার কাছে ডুবন্ত একটি ইরানি ফ্রিগেট থেকে ৩০ নাবিককে উদ্ধার করেছে। জাহাজটি ‘আইআরআইএস দেনা’ নামের ফ্রিগেট এবং এটি থেকে জরুরি বিপদ সংকেত পাঠানো হচ্ছিল।
শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী বিজিথা হেরাথ পার্লামেন্টে জানান, জাহাজে ১৮০ জন ক্রু ছিলেন। আহত নাবিকদের দেশটির দক্ষিণাঞ্চলের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তিনি জানান, কী কারণে জাহাজটি ডুবে গেছে তা এখনও স্পষ্ট নয়।
শ্রীলঙ্কার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা জাহাজের বাকি নাবিকদের উদ্ধারে তল্লাশি অভিযান চালাচ্ছে। জাহাজটি শ্রীলঙ্কার দক্ষিণ উপকূল থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে ডুবে গেছে। উদ্ধার অভিযানে শ্রীলঙ্কার নৌবাহিনীর দুটি জাহাজ এবং একটি বিমান মোতায়েন করা হয়েছে।
এক বিরোধীদলীয় আইনপ্রণেতা পার্লামেন্টে জানতে চেয়েছিলেন, ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলি হামলার অংশ হিসেবে জাহাজটিতে আঘাত হানা হয়েছিল কি না। তবে সরকার তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, জাহাজ থেকে বিপদ সংকেত পাঠানো হয় শ্রীলঙ্কার দক্ষিণপশ্চিম উপকূলীয় শহর গালের কাছে। আহত নাবিকদের হাসপাতালে ভর্তি করার পর নিরাপত্তা জোরদার করা হয়েছে।

