ইসরাইলের মধ্যাঞ্চলে অবস্থিত রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা প্রতিষ্ঠান ইসরাইল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের (আইএআই) সদরদপ্তর লক্ষ্য করে ড্রোন হামলা চালানোর দাবি করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।
একই সঙ্গে উত্তর ইসরাইলের একটি ড্রোন নিয়ন্ত্রণকারী সামরিক ঘাঁটিতেও হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে গোষ্ঠীটি।
এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার গভীর রাতে ইসরাইলের মধ্যাঞ্চলে অবস্থিত আইএআইর সদরদপ্তরে ড্রোন হামলা চালানো হয়। ইরানপন্থী লেবাননের এই সশস্ত্র গোষ্ঠী দাবি করেছে, লেবাননের কয়েক ডজন শহর ও জনপদে ‘ইসরাইলি অপরাধমূলক আগ্রাসনের’ জবাবে রাত ২টার দিকে অধিকৃত ফিলিস্তিনের কেন্দ্রে অবস্থিত আইএআই সদরদপ্তর লক্ষ্য করে ড্রোন পাঠানো হয়।
পৃথক এক বিবৃতিতে হিজবুল্লাহ জানায়, ভোরের কিছু আগে উত্তর ইসরাইলের একটি ‘ড্রোন নিয়ন্ত্রণ ঘাঁটি’ লক্ষ্য করে নির্ভুল লক্ষ্যভেদী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।
ইসরাইল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, মনুষ্যবিহীন ড্রোন, স্যাটেলাইট ও মহাকাশ কার্যক্রমসহ বিভিন্ন ধরনের সামরিক ও বেসামরিক পণ্য উৎপাদন করে থাকে। হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ বা হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

