মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যেই নিজেদের সামরিক সক্ষমতা প্রদর্শনে নতুন পদক্ষেপ নিয়েছে উত্তর কোরিয়া। দেশটি একটি নতুন ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ থেকে পরীক্ষামূলকভাবে ক্রুজ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, এই উৎক্ষেপণ সরাসরি উপস্থিত থেকে পর্যবেক্ষণ করেছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন।
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তাসংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) জানিয়েছে, নতুন এই ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজটির নাম দেওয়া হয়েছে ‘চো হিওন’।
প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ৫০০ টন ওজনের এই জাহাজটি দেশটির নৌবাহিনীর জন্য তৈরি করা হয়েছে।
বুধবার (৪ মার্চ) উত্তর কোরিয়ার পশ্চিম উপকূল এলাকায় ডেস্ট্রয়ার জাহাজটি থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়।
জাহাজটি যাত্রা শুরু করে দেশের গুরুত্বপূর্ণ জাহাজ নির্মাণ কেন্দ্র নাম্পো শিপইয়ার্ড থেকে।
জাহাজটির যাত্রা শুরুর আগে দেওয়া এক সংক্ষিপ্ত বক্তব্যে কিম জং উন বলেন, খুব শিগগিরই তাদের নৌবাহিনী পানির নিচে এবং পানির ওপর থেকে সমানভাবে আঘাত হানার সক্ষমতা অর্জন করবে।
তিনি আরও জানান, উত্তর কোরিয়ার নৌবাহিনীকে পরমাণু অস্ত্রে সজ্জিত করার পরিকল্পনা ইতোমধ্যেই অনেক দূর এগিয়েছে।
কিমের ভাষায়,
“নৌ প্রতিরক্ষায় সাম্প্রতিক সাফল্য আমাদের সামুদ্রিক সার্বভৌমত্ব রক্ষার ব্যবস্থায় বড় পরিবর্তন এনেছে—যা গত ৫০ বছরে অর্জিত হয়নি।”
বিশ্লেষকদের মতে, এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা উত্তর কোরিয়ার নৌসামরিক শক্তি বাড়ানোর কৌশলেরই অংশ।

