বাহরাইনের রাজধানী মানামায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। শহরে অবস্থানরত বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদক এ তথ্য জানিয়েছেন। এর আগে আজ বৃহস্পতিবার সকালে কাতারের রাজধানী দোহাতেও কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা যায়।
দোহায় থাকা এএফপির এক প্রতিবেদক জানান, শহরের বিভিন্ন এলাকা থেকে এই বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
এর আগে কাতারের কর্মকর্তারা জানিয়েছিলেন, দোহায় মার্কিন দূতাবাসের আশপাশের বাসিন্দাদের ‘সতর্কতামূলক ব্যবস্থা’ হিসেবে অন্যত্র সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু করা হয়েছে। তবে এসব বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
গত শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের বিরুদ্ধে হামলা শুরু করে। এর জবাবে ইরান ইসরায়েলের পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে।
এদিকে আজ সকালে ইরানের রাজধানী তেহরানেও দফায় দফায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। শহরের আকাশে কালো ধোঁয়ার কুণ্ডলি উঠতে দেখা গেছে বলে স্থানীয় সূত্রগুলো জানিয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা টানা ষষ্ঠ দিনের মতো তেহরানসহ ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে যাচ্ছে।
সূত্র: বিবিসি

