মধ্যপ্রাচ্যে চলমান নিরাপত্তা উত্তেজনার প্রেক্ষাপটে সংযুক্ত আরব আমিরাত সরকার দেশটির সব স্কুল ও বিশ্ববিদ্যালয়ে আগাম বসন্তকালীন ছুটি ঘোষণা করেছে।
বুধবার (৪ মার্চ) এক যৌথ ঘোষণায় দেশটির শিক্ষা মন্ত্রণালয় জানায়, আগামী ৯ মার্চ (সোমবার) থেকে ২২ মার্চ (রোববার) পর্যন্ত দেশের সব সরকারি ও বেসরকারি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ছুটি কার্যকর থাকবে।
আমিরাতের ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের ক্যালেন্ডার অনুযায়ী কিছু প্রতিষ্ঠানে ১৩ মার্চ পর্যন্ত ক্লাস চলার কথা ছিল, এবং ১৬ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত বসন্তকালীন ছুটি নির্ধারিত ছিল। কিন্তু বর্তমান আঞ্চলিক সংঘাত ও নিরাপত্তা পরিস্থিতির কারণে ছুটি আগাম শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে পরিস্থিতি পর্যবেক্ষণের অংশ হিসেবে ২ মার্চ থেকে ৬ মার্চ পর্যন্ত দেশজুড়ে অনলাইন বা দূরশিক্ষণ চালু রাখা হয়েছিল। এই সময়ে অনেক শিক্ষাপ্রতিষ্ঠান সরাসরি ক্লাস বন্ধ রেখে ভার্চুয়াল পদ্ধতিতে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে।
সরকারি সূত্র জানায়, সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনা—বিশেষ করে ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল পরিস্থিতির জেরে উপসাগরীয় অঞ্চলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার আশঙ্কা বাড়ায় এই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

