ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে, তাদের ক্ষেপণাস্ত্র হামলায় কুয়েত, বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাতের অন্তত ২০টি মার্কিন সামরিক লক্ষ্যবস্তুতে ‘গুরুতর ক্ষয়ক্ষতি’ হয়েছে।
তবে হামলার বিষয়ে কোনো নির্দিষ্ট অবস্থান বা ক্ষতির মাত্রা সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি আইআরজিসি।
অন্যদিকে, যুক্তরাষ্ট্র বা উপসাগরীয় দেশগুলোর সংশ্লিষ্ট কর্তৃপক্ষও এখন পর্যন্ত এ বিষয়ে কোনো মন্তব্য বা তথ্য জানায়নি।
এর আগে বৃহস্পতিবার আইআরজিসি ঘোষণা দেয়, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ শিপিং লেন হরমুজ প্রণালী যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ইউরোপ এবং তাদের পশ্চিমা মিত্রদের জাহাজ চলাচলের জন্য বন্ধ রাখা হবে।
দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন আইআরআইবি-এর এক প্রতিবেদনে বলা হয়, আইআরজিসির মতে আন্তর্জাতিক আইন ও প্রস্তাবনার ভিত্তিতে যুদ্ধকালীন পরিস্থিতিতে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করার অধিকার ইরানের রয়েছে।

