বাহরাইনের দিকে ধেয়ে আসা ইরানের ৭৫টি ক্ষেপণাস্ত্র এবং ১২৫টি ড্রোন লক্ষ্যবস্তুতে আঘাত করার আগেই ধ্বংস করে দিয়েছে দেশটির সেনাবাহিনী।
এ তথ্য জানিয়েছে বাহরাইনের প্রতিরক্ষা বাহিনীর জেনারেল কমান্ড।
আজ বুধবার এক বিবৃতিতে বাহরাইনের প্রতিরক্ষা বাহিনীর জেনারেল কমান্ড জানায়, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয়ভাবে কাজ করছে এবং ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন একের পর এক ভূপাতিত করা হচ্ছে।
বিবৃতিতে নাগরিক ও বাসিন্দাদের সতর্ক করে বলা হয়, জরুরি প্রয়োজন ছাড়া যেন কেউ বাড়ির বাইরে না বের হন।
তবে কতগুলো ড্রোন ও ক্ষেপণাস্ত্র আটকানো সম্ভব হয়নি এবং সেগুলোর আঘাতে কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে— সে বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি।
উল্লেখ্য, বাহরাইনে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পঞ্চম নৌবহরের ঘাঁটি রয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে সংঘাত শুরু হওয়ার পর থেকেই বাহরাইনের দিকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করছে ইরান।

