মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের দেশ কুয়েতে অবস্থিত নিজেদের দূতাবাস থেকে কর্মকর্তা-কর্মীদের দেশে ফেরার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। গত কয়েক দিনে একাধিক হামলার ঘটনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার থেকে দূতাবাসের কর্মকর্তা-কর্মীদের দেশে ফেরানোর প্রক্রিয়াও শুরু হয়েছে। সূত্র: বিবিসি
কুয়েত মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ মিত্র রাষ্ট্র। দেশটিতে যুক্তরাষ্ট্রের তিনটি সামরিক ঘাঁটি রয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে কুয়েতের এসব সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে দফায় দফায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে ইরান।
তবে ওয়াশিংটন থেকে কুয়েতে অবস্থিত মার্কিন দূতাবাস খালি করার নির্দেশ আসে গত বুধবার ৪ ফেব্রুয়ারি কুয়েতের আকাশসীমায় ইরান থেকে নিক্ষিপ্ত একটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করার ঘটনার পর। কুয়েতের সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সহায়তায় ক্ষেপণাস্ত্রটি আকাশেই ধ্বংস করা সম্ভব হয়েছে। তবে সেটির ধ্বংসাবশেষ নিচে পড়ে কয়েকটি গাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে।
কুয়েতি সামরিক বাহিনীর এই বিবৃতি প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় কুয়েতে অবস্থিত মার্কিন দূতাবাস খালি করার নির্দেশ দেয়।

