মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনকে লক্ষ্য করে আবারও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তর। বৃহস্পতিবার (৬ মার্চ) ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্র বলেন, হরমুজ প্রণালী নিয়ন্ত্রণের উদ্দেশ্যে মার্কিন বিমানবাহী রণতরীটি ওমান সাগরে ইরানের সামুদ্রিক সীমান্ত থেকে প্রায় ৩৪০ কিলোমিটার দূরে এগিয়ে এসেছিল। সেই সময় ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌ শাখার ড্রোন হামলায় রণতরীটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হয়।
তিনি আরও জানান, হামলার পর রণতরীটি দ্রুত তার সঙ্গে থাকা ডেস্ট্রয়ারগুলোর সহায়তায় এলাকা ছেড়ে সরে যায়। বর্তমানে জাহাজটি ঘটনাস্থল থেকে প্রায় এক হাজার কিলোমিটার দূরে অবস্থান করছে বলে দাবি করেছে ইরান।
এর আগে আইআরজিসি জানিয়েছিল, ‘অপারেশন ট্রু প্রমিজ ৪’ অভিযানের অংশ হিসেবে ইউএসএস আব্রাহাম লিংকনকে লক্ষ্য করে চারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।
তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

