সংযুক্ত আরব আমিরাতের ব্যাংকগুলোতে রক্ষিত ইরানের বৈদেশিক মুদ্রা জব্দ করার পরিকল্পনা করছে দেশটির সরকার— এমন দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। গতকাল প্রকাশিত এক প্রতিবেদনে সূত্রের বরাতে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে ইরান মধ্যপ্রাচ্যের অনেক দেশের সঙ্গে সরাসরি বাণিজ্য করতে পারে না। ফলে তেহরান সাধারণত বিকল্প উপায় ব্যবহার করে আন্তর্জাতিক বাণিজ্য চালিয়ে থাকে। অনেক ক্ষেত্রে যে দেশের সঙ্গে বাণিজ্য হয়, সেই দেশের ভুয়া বা কল্পিত কোম্পানির নামে নিবন্ধন করে এবং সেই কোম্পানির নামে ব্যাংক হিসাব খুলে লেনদেন পরিচালনা করা হয়।
এই পদ্ধতির মাধ্যমে নিষেধাজ্ঞা এড়িয়ে ইরান বৈদেশিক মুদ্রা সংগ্রহ করে এবং নিজেদের রিজার্ভ বাড়ানোর চেষ্টা করে। দীর্ঘদিন ধরে সংযুক্ত আরব আমিরাত ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদার হিসেবে কাজ করেছে এবং তেহরান একই পদ্ধতিতে আবুধাবির সঙ্গে বাণিজ্য করে আসছে।
ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে আরও বলা হয়েছে, আমিরাত সরকার এখন এসব ভুয়া কোম্পানির ব্যাংক হিসাব শনাক্ত করে সেগুলো ফ্রিজ বা স্থগিত করার কথা বিবেচনা করছে। বিশেষ করে ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর সঙ্গে সংশ্লিষ্ট অ্যাকাউন্টগুলো আগে ফ্রিজ করার পরিকল্পনা রয়েছে বলে দাবি করা হয়েছে।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, এ বিষয়ে আমিরাতের কর্মকর্তারা অনানুষ্ঠানিকভাবে ইরানকে সতর্কবার্তাও দিয়েছেন। তবে ঠিক কবে নাগাদ এই পদক্ষেপ বাস্তবায়ন করা হবে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

