ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক হামলায় দেশটির বিভিন্ন অঞ্চলে ব্যাপক বেসামরিক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। হামলার ফলে সাধারণ মানুষের ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান এবং চিকিৎসা কেন্দ্রসহ হাজারো স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটি।
সংস্থাটির প্রেসিডেন্ট পীর হোসেন কলিভান্দ জানিয়েছেন, সাম্প্রতিক এই সামরিক অভিযানে মোট ৩,৬৪৩টি বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সাধারণ মানুষের আবাসিক ঘরবাড়ি। তার দেওয়া তথ্য অনুযায়ী, ৩,০৯০টি ব্যক্তিগত বাড়িঘর ধ্বংস বা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যা সংঘাতের মানবিক দিকটি আরও ভয়াবহ করে তুলেছে।
রেড ক্রিসেন্টের হিসাব অনুযায়ী, আবাসিক ভবনের পাশাপাশি ৫২৮টি বাণিজ্যিক ও সেবা কেন্দ্রও হামলার শিকার হয়েছে। এ ছাড়া ১৪টি চিকিৎসা ও ওষুধ উৎপাদন কেন্দ্র এবং সংস্থাটির নিজস্ব ৯টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানানো হয়েছে।
পীর হোসেন কলিভান্দ বলেন, হামলার লক্ষ্যবস্তুগুলোর বড় একটি অংশ ছিল ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকা। ফলে সাধারণ মানুষের জানমাল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বহু পরিবার ঘরবাড়ি হারিয়ে মানবিক সংকটে পড়েছে।
বর্তমানে উদ্ধারকারী ও ত্রাণকর্মীরা ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে জরুরি সহায়তা পৌঁছে দিতে কাজ করে যাচ্ছেন। ধ্বংসস্তূপে আটকে পড়া মানুষদের উদ্ধারের পাশাপাশি আহতদের চিকিৎসা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার চেষ্টা চলছে।

