যুক্তরাষ্ট্র ও এর ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ শুরু হওয়ার এক সপ্তাহ পর প্রথমবারের মতো সীমিত পরিসরে ফ্লাইট চালুর ঘোষণা দিয়েছে কাতার।
দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, কাতারের আকাশপথ আংশিকভাবে আবার খুলে দেওয়া হচ্ছে। তবে আপাতত শুধু উদ্ধার কার্যক্রমে ব্যবহৃত এবং জরুরি পণ্যবাহী (কার্গো) ফ্লাইট চলাচলের অনুমতি দেওয়া হবে।
হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী দিনগুলোতে আরও ফ্লাইট চালু করা হবে কি না তা নির্ভর করবে নিরাপত্তা পরিস্থিতির চলমান পর্যালোচনার ওপর।
এর আগে কাতার সরকারের কর্মকর্তারা এ সপ্তাহের শুরুতে জানান, বিমানবন্দরকে লক্ষ্য করে ইরানের একটি হামলার চেষ্টা তাদের সামরিক বাহিনী নস্যাৎ করে দিয়েছে।
কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, গতকাল শুক্রবার দেশটি ৯টি ড্রোন প্রতিহত করেছে। এর মধ্যে একটি ড্রোন জনশূন্য এলাকায় পড়ে গেলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
তথ্যসূত্র: বিবিসি

