বাংলাদেশী নাগরিকদের যুক্তরাষ্ট্র সফরের পরিকল্পনা করা নন-ইমিগ্র্যান্ট ভিসাধারীদের নিজেদের আর্থিক সক্ষমতা নিশ্চিত করার পরামর্শ দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস।
দূতাবাস এক বার্তায় জানিয়েছে, যুক্তরাষ্ট্রে ভ্রমণের সময় যেকোনো অপ্রত্যাশিত পরিস্থিতি যেমন- চিকিৎসাজনিত জরুরি খরচ বা ভ্রমণ ব্যর্থতার সম্ভাবনা, সাপোর্ট করার মতো পর্যাপ্ত অর্থের ব্যবস্থা থাকা অত্যন্ত জরুরি।
বার্তায় আরও জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রের সরকারি অর্থায়িত সুবিধা ব্যবহারের ক্ষেত্রে অনিয়ম করলে তা ভবিষ্যতে ভিসা আবেদন এবং যুক্তরাষ্ট্রে ভ্রমণ, পড়াশোনা বা কাজের যোগ্যতা ক্ষুণ্ণ করতে পারে। বিশেষ করে সরকারি স্বাস্থ্য সহায়তা গ্রহণকে ভিসার অপব্যবহার হিসেবে গণ্য করা হতে পারে।
দূতাবাসের সতর্কবার্তায় ভিসাধারীদের নিজস্ব আর্থিক নিরাপত্তা ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়েছে, যাতে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে তারা সমস্যায় না পড়েন।

