ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, জানানো হয়েছে ক্রেমলিন থেকে। সূত্র: সিএনএন
বাংলাদেশ সময় শনিবার রাত ৩টায় প্রেসিডেন্ট পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা হয় পুতিনের। ফোনালাপের কিছুক্ষণ পর ক্রেমলিন থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়।
বিবৃতিতে বলা হয়েছে, “প্রেসিডেন্ট পুতিন এবং প্রেসিডেন্ট পেজেশকিয়ান একমত হয়েছেন যে বিভিন্ন চ্যানেলের মাধ্যমে দুই দেশের প্রেসিডেন্টের মধ্যে যোগাযোগ অব্যাহত থাকবে।”
বিবৃতিতে আরো উল্লেখ আছে যে, ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার ঘটনায় পুতিন গভীর শোক প্রকাশ করেছেন।
ইরানের পরমাণু প্রকল্প নিয়ে ৬ থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত তেহরান ও ওয়াশিংটনের মধ্যে সংলাপ চলে। ২৭ ফেব্রুয়ারি কোনো সমঝোতা চুক্তি ছাড়াই সেই সংলাপ শেষ হয়।
এরপর ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ‘অপারেশন এপিক ফিউরি’ শুরু করে ইরানে। একই সময়ে ইসরায়েলও ‘অপারেশন রোয়ারিং লায়ন’ শুরু করে। হামলার পাল্টা জবাবে ইরান মধ্যপ্রাচ্যের মার্কিন সেনাঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে।
আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানকে গোয়েন্দা সহায়তা দিচ্ছে রাশিয়া। মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক ঘাঁটি, সেনা সংখ্যা, অস্ত্র, যুদ্ধবিমান ও যুদ্ধজাহাজ সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য মস্কো তেহরানকে সরবরাহ করছে।

