প্রতিবেশী আরব দেশগুলো থেকে আক্রমণ না হলে সেখানে আর কোনো পাল্টা হামলা চালাবে না তেহরান—এ কথা জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। একই সঙ্গে প্রতিবেশী দেশগুলোতে ইতোমধ্যে চালানো হামলার জন্য দুঃখ প্রকাশও করেছেন তিনি।
শনিবার (৭ মার্চ) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে তিনি এ কথা বলেন। পেজেশকিয়ান জানান, যেসব প্রতিবেশী দেশে ইরান হামলা চালিয়েছে, তাদের কাছে তিনি দুঃখ প্রকাশ করছেন।
তিনি বলেন, ‘গতকাল (৬ মার্চ) অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদ সিদ্ধান্ত নিয়েছে—প্রতিবেশী দেশগুলোর বিরুদ্ধে আর কোনো হামলা চালানো হবে না। সেই সঙ্গে সেসব দেশ থেকে ইরানের ওপর আক্রমণ না হলে কোনো ক্ষেপণাস্ত্রও ছোড়া হবে না।’
তবে একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন, কোনো পরিস্থিতিতেই ইরান আত্মসমর্পণ করবে না। তার ভাষায়, ‘ইরানি জনগণের আত্মসমর্পণের স্বপ্ন যারা দেখছে, তাদের সেই ইচ্ছা কবরেই নিয়ে যেতে হবে।’
গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে যৌথ হামলা শুরু করে। ইরানের রাজধানী তেহরানে পরিচালিত ওই হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ কয়েকজন শীর্ষস্থানীয় কর্মকর্তা নিহত হন। এর জবাবে ইসরাইলে পাল্টা হামলা শুরু করে ইরান। পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটিসহ বিভিন্ন স্থানে হামলা চালিয়ে যাচ্ছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী।
সূত্র: আল-জাজিরা

