ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্র, ইসরায়েল, তাদের ইউরোপীয় মিত্র ও সমর্থকদের জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সূত্র: এএফপি
আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল কিওমার্স হায়দারি জানিয়েছেন, “যেসব দেশ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মিত্র নয়, তাদের জাহাজের জন্য হরমুজ প্রণালী খোলা রয়েছে এবং কোনো বাধা নেই।” এই তথ্য তিনি ইরানের আধাসরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজকে জানিয়েছেন।
হরমুজ প্রণালী, যা আরব সাগর ও পারস্য উপসাগরকে যুক্ত করে, আন্তর্জাতিক জ্বালানি বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন বিশ্বের তেল ও তরল গ্যাসবাহী জাহাজের প্রায় ২০ শতাংশই এই রুট ব্যবহার করে। এই প্রণালীকে ‘জ্বালানির বৈশ্বিক দরজা’ বলা হয়, কারণ মধ্যপ্রাচ্যের তেল উৎপাদনকারী দেশগুলো এই পথে তাদের তেল রপ্তানি করে। হরমুজ প্রণালী বন্ধ হলে মধ্যপ্রাচ্যের তেল পশ্চিমা বিশ্বে সরবরাহ করা কঠিন হয়ে যায়।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘর্ষ শুরুর পর, আইআরজিসি হরমুজ প্রণালীতে চলাচলকারী জাহাজের ক্রুদের সতর্কবার্তা শুরু করে। কয়েকটি জাহাজে হামলাও চালানো হয়েছে। ব্রিটিশ সংস্থা ইউকে মেরিটাইম অপারেশনের তথ্য অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত ১০টি তেলবাহী জাহাজে হামলা চালানো হয়েছে।

