আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের আয়ু ধীরে ধীরে শেষের দিকে এগোচ্ছে। এ পরিস্থিতিতে মার্কিন বেসরকারি প্রতিষ্ঠান ভাস্ট বিশ্বের প্রথম বাণিজ্যিক মহাকাশ স্টেশন হেভেন ১ তৈরি করছে। নতুন এই স্টেশনটি ২০২৭ সালের প্রথম প্রান্তিকে ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল থেকে স্পেসএক্স ফ্যালকন ৯ রকেটের মাধ্যমে উৎক্ষেপণ করা হবে।
ভাস্ট জানিয়েছে, বর্তমানে হেভেন ১-এর যন্ত্রাংশ সংযোজনের প্রথম ধাপ শুরু হয়েছে। এই পর্যায়ে প্রেশারাইজড ফ্লুইড সিস্টেম স্থাপনের কাজ চলছে। এর অংশ হিসেবে থার্মাল কন্ট্রোল লাইন (তাপমাত্রা নিয়ন্ত্রণ), লাইফ সাপোর্ট টিউব এবং প্রপালশন সিস্টেমের পাইপলাইন স্থাপন করা হচ্ছে। প্রতিটি পাইপ ও ট্যাংকের চাপ ও লিক পরীক্ষা করার পর এভিয়নিক্স, নেভিগেশন সিস্টেম এবং এয়ার রিভাইটালাইজেশন হার্ডওয়্যার যুক্ত করা হবে।
হেভেন ১ একটি স্বয়ংসম্পূর্ণ ক্রুড স্টেশন হিসেবে কাজ করবে। তবে এটি ভাস্টের বৃহত্তর লক্ষ্য হেভেন ২-এর পূর্বসূরি মাত্র। হেভেন ১ মূলত মাইক্রোগ্র্যাভিটি পরিবেশে বৈজ্ঞানিক গবেষণা এবং পণ্য উৎপাদনের প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার হবে। হেভেন ১-এর অভিজ্ঞতা কাজে লাগিয়ে হেভেন ২ তৈরি করা হবে, যা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের যোগ্য উত্তরসূরি হিসেবে কক্ষপথে মানুষের নিরবচ্ছিন্ন উপস্থিতি নিশ্চিত করবে।
প্রথাগত মহাকাশ কর্মসূচির তুলনায় ভাস্ট তাদের উৎপাদন খরচ প্রায় ১০ গুণ কমিয়ে এনেছে। প্রতিষ্ঠানটি ভার্টিক্যালি ইন্টিগ্রেটেড ম্যানুফ্যাকচারিং মডেল অনুসরণ করছে, যেখানে হার্ডওয়্যার তৈরি, পরীক্ষা এবং পরিমার্জনের চক্র অত্যন্ত সংক্ষিপ্ত। ভাস্টের প্রধান নির্বাহী ম্যাক্স হোট বলেন, “আমাদের লক্ষ্য আন্তর্জাতিক মহাকাশ স্টেশন অবসর নেওয়ার পর কক্ষপথে কোনো শূন্যতা না থাকা। আমরা নিশ্চিত করতে চাই, মানুষ ক্রমাগত মহাকাশে উপস্থিত থাকবে।”

