ইরান প্রথমবারের মতো সৌদি আরবের একটি তেলের খনি লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে। তবে সৌদি প্রতিরক্ষা বাহিনী (এয়ার ডিফেন্স সিস্টেম) লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগে এসব ড্রোন ধ্বংস করে। সূত্র: এএফপি
সৌদিতে অবস্থিত যুক্তরাষ্ট্রের বিমানঘাঁটি প্রিন্স সুলতান এয়ারবেইস লক্ষ্য করে ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়লেও সেটিও এয়ার ডিফেন্স সিস্টেমের মাধ্যমে ধ্বংস করা হয়েছে।
গতকাল শুক্রবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, “শায়েবাহ খনি লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছিল। হামলা ব্যর্থ হয়েছে এবং ৬টি ড্রোন ধ্বংস করা হয়েছে। এছাড়া প্রিন্স সুলতান বিমানঘাঁটি লক্ষ্য একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও ধ্বংস করা হয়েছে।”
ইরানের পরমাণু প্রকল্প নিয়ে ৬ থেকে ২৭ ফেব্রুয়ারি তেহরান ও ওয়াশিংটনের মধ্যে ২১ দিন ধরে সংলাপ চলে। ২৭ ফেব্রুয়ারি কোনো সমঝোতা ছাড়াই সংলাপ শেষ হয়।
এরপর ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ‘অপারেশন এপিক ফিউরি’ শুরু করে এবং একই সময়ে ইসরায়েল ‘অপারেশন রোয়ারিং লায়ন’ শুরু করে। হামলার পাল্টা জবাবে ইরান ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের মার্কিন সেনাঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে।

