ইরাকভিত্তিক ইরানি কুর্দি সশস্ত্র গোষ্ঠী ‘খাবাত অর্গানাইজেশন’-এর সেক্রেটারি জেনারেল বাবাশেখ হোসেইনি জানিয়েছেন, ইরানে একটি সম্ভাব্য স্থল অভিযান পরিচালনার বিষয়ে তাদের মধ্যে আলোচনা চলছে এবং এমন অভিযানের জোরালো সম্ভাবনা রয়েছে।
আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, বর্তমানে কোনো আক্রমণাত্মক অভিযান চলছে না। তবে দীর্ঘ সময় ধরে এমন একটি অভিযানের পরিকল্পনা করা হচ্ছে। তার মতে, বর্তমান পরিস্থিতি এ ধরনের পদক্ষেপের জন্য অনুকূল হয়ে উঠেছে এবং খুব শিগগিরই তারা এ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন।
হোসেইনি আরও দাবি করেন, মার্কিন যুক্তরাষ্ট্র বিভিন্ন মধ্যস্থতাকারী ও কুর্দি যোগাযোগমাধ্যমের মাধ্যমে তাদের সঙ্গে যোগাযোগ রাখছে। যদিও এখন পর্যন্ত কোনো সরাসরি বৈঠক হয়নি, তবুও ওয়াশিংটন বর্তমান ইরানি শাসনব্যবস্থা মোকাবিলা এবং ভবিষ্যতে সম্ভাব্য সহযোগিতা নিয়ে তাদের অবস্থান জানতে আগ্রহ দেখিয়েছে।
তিনি জানান, এসব যোগাযোগ মূলত কুর্দি প্রতিনিধিদের মাধ্যমেই সম্পন্ন হয়েছে। কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে তারা পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন বলেও উল্লেখ করেন তিনি।
অভিযান পরিচালনার ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে উন্নত অস্ত্রের অভাবের কথাও তুলে ধরেছেন এই কুর্দি নেতা। তার মতে, বর্তমানে তাদের কাছে যে অস্ত্রশস্ত্র রয়েছে তা বেশ সাধারণ এবং অনেকটাই পুরোনো ধাঁচের।
আধুনিক যুদ্ধের বাস্তবতায় ড্রোন কিংবা উন্নত বিস্ফোরকসহ আধুনিক সামরিক সরঞ্জামের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি কোনো সহযোগিতা গড়ে উঠলে তাদের প্রধান দাবি হবে উন্নত অস্ত্র সহায়তা। মাঠপর্যায়ে উল্লেখযোগ্য পরিবর্তন আনতে এ ধরনের আধুনিক সরঞ্জামের কোনো বিকল্প নেই বলেও তিনি মনে করেন।
সূত্র: আল জাজিরা

