ইরান তার মধ্যপ্রাচ্যের প্রতিবেশী দেশগুলোর কাছে ক্ষমা চেয়েছে এবং আত্মসমর্পণ করেছে বলে দাবি করেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ইরান প্রতিশ্রুতি দিয়েছে যে আর এই দেশগুলোর দিকে গুলি চালাবে না।
শনিবার (৭ মার্চ) ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে একটি বার্তা শেয়ার করে বলেন, ‘ইরান তার প্রতিবেশী দেশগুলোর কাছে ক্ষমা চেয়েছে এবং আত্মসমর্পণ করেছে, প্রতিশ্রুতি দিয়েছে আর আক্রমণ করবে না। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অবিরাম হামলার কারণে এই প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।’ পোস্টের পরের অংশে তিনি আরও লিখেছেন, ‘আজ ইরানকে খুব কঠিনভাবে আঘাত করা হবে।’
একই দিনে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে ভাষণ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেন, ‘মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাঘাঁটিগুলো থেকে যদি আক্রমণ বন্ধ হয়, তাহলে ইরানও হামলা বন্ধ করবে। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কাছে কখনো মাথা নত করবে না ইরানের জনগণ।’
প্রেসিডেন্ট পেজেশকিয়ান আরও জানিয়েছেন, ‘গত কয়েক দিনে যেসব প্রতিবেশী দেশে ইরান হামলা করেছে, তাদের কাছে আমি ক্ষমাপ্রার্থী। তবে আমাদের সামনে আর কোনো বিকল্প নেই। ইরানের অস্থায়ী নিরাপত্তা পরিষদ সিদ্ধান্ত নিয়েছে, প্রতিবেশী দেশগুলো থেকে যদি আক্রমণ বন্ধ হয়, তাহলে ইরানও পাল্টা হামলা বন্ধ করবে।’
ইরানের প্রেসিডেন্টের এই বক্তব্যের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প তা উল্লেখ করে একই দিন বার্তা দিয়েছেন।

