ইরানের রাষ্ট্রদূত সাইয়েদ আলী মৌসাভি ব্রিটেনকে সতর্ক করে বলেছেন, ইরানের ওপর হামলায় যুক্ত হলে এর পরিণতি ভোগ করতে হতে পারে। তিনি ব্রিটিশ সরকারকে এ ধরনের সংঘাতে জড়িত না হওয়ার আহ্বান জানান।
রোববার সম্প্রচারের জন্য নির্ধারিত ‘সানডে উইথ লরা কুইন্সবার্গ’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে মৌসাভিকে প্রশ্ন করা হয়, যদি ব্রিটিশ যুদ্ধবিমান ইরানি ক্ষেপণাস্ত্র বা ড্রোন ভূপাতিত করে, তবে সেগুলো কি বৈধ লক্ষ্য হিসেবে বিবেচিত হবে।
এর জবাবে তিনি বলেন, “এ ব্যাপারে কোনো সন্দেহ নেই যে আমরা নিজেদের রক্ষা করব।”
একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন যে অন্য দেশগুলো, বিশেষ করে ব্রিটিশ সরকার, তাদের পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে “অত্যন্ত সংবেদনশীল ও অত্যন্ত সতর্ক” থাকবে।
ইরানি রাষ্ট্রদূত আরও বলেন, ব্রিটেন এখন পর্যন্ত “এই আগ্রাসনে জড়িত ছিল না—এটি ভালো।” তিনি জানান, তাঁর বিশ্বাস ব্রিটিশ সরকার ইরাক আক্রমণের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েছে এবং তারা এই সংঘাতের “বেআইনি চরিত্র” সম্পর্কে অবগত।
সূত্র: বিবিসি

