তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান শনিবার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলার পর সৃষ্ট উত্তেজনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি।
বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, ফোনালাপে এরদোয়ান বলেন, “ইরানের ওপর হামলার মাধ্যমে যে পরিস্থিতির সূচনা হয়েছে, তুরস্ক তা ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে। যদি এই হস্তক্ষেপ দীর্ঘস্থায়ী হয়, তবে তা আঞ্চলিক ও বৈশ্বিক স্থিতিশীলতার জন্য বড় ধরনের ক্ষতি ডেকে আনতে পারে।”
তুরস্কের যোগাযোগ অধিদপ্তরের প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, এরদোয়ান জোর দিয়ে বলেন যে সংলাপের একটি প্ল্যাটফর্ম গড়ে তুলতে এখনো বিভিন্ন পদক্ষেপ নেওয়া সম্ভব এবং শান্তিকে কেন্দ্র করে তুরস্কের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
ফোনালাপে দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক নানা বিষয়ও আলোচিত হয়।
বিবৃতিতে আরও বলা হয়, যুক্তরাজ্যের সঙ্গে সব খাতে, বিশেষ করে প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা আরও গভীর করতে তুরস্কের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এরদোয়ান। এ সহযোগিতা এগিয়ে নিতে ভবিষ্যতেও বিভিন্ন পদক্ষেপ নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।
সূত্র: আনাদোলু

