ইসরাইল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসনের জবাবে ইরানের পালটা আক্রমণে মধ্যপ্রাচ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এই সংঘাতের প্রভাব গিয়ে পড়েছে সাইপ্রাসেও। দেশটির নিরাপত্তা নিশ্চিত করতে সেখানে একটি ফ্রিগেট পাঠাচ্ছে ইতালি।
শনিবার (৭ মার্চ) ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি সাইপ্রাসে ফ্রিগেট পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন। এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
একটি ভিডিওবার্তায় মেলোনি বলেন, ইউরোপীয় ইউনিয়নের সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সাইপ্রাসে একটি ইতালীয় ফ্রিগেট মোতায়েন করা হচ্ছে।
তিনি আরও বলেন, এটি ইউরোপীয় সংহতির একটি পদক্ষেপ, তবে সর্বোপরি এটি প্রতিরোধমূলক উদ্যোগ। একই সঙ্গে তিনি স্পষ্ট করে জানান, ইতালি এই সংঘাতের অংশ নয় এবং এর অংশ হতে চায় না।
প্রতিবেদনে বলা হয়েছে, ইতালির ক্ষেপণাস্ত্রসজ্জিত ‘ফেডেরিকো মার্টিনেঙ্গো’ নামের ফ্রিগেটটি ১৬০ জনের বেশি লোক বহনে সক্ষম। জাহাজটি গত শুক্রবার বিকেলে ইতালির দক্ষিণাঞ্চলের তারান্টো বন্দর থেকে যাত্রা শুরু করেছে।
ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি আরও জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে সংঘাতের চরম অবনতি এড়াতে ইতালি, ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানি নিয়মিত ও নিবিড় কূটনৈতিক আলোচনা চালিয়ে যাচ্ছে।
সূত্র: এএফপি

