যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার কয়েকদিন পর দেশটিতে নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত হয়েছে বলে জানিয়েছে ইরানের গণমাধ্যম। বিষয়টি নিশ্চিত করেছেন ইরানের অ্যাসেম্বলি অব এক্সপার্টের সদস্য আহমাদ আলামোলহোদা। সূত্র: মেহর নিউজ
তিনি জানিয়েছেন, সর্বোচ্চ নেতা নির্বাচনের প্রক্রিয়া ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং নতুন একজন নেতাকে নির্বাচিত করা হয়েছে। তবে নতুন সর্বোচ্চ নেতার নাম এখনো প্রকাশ করা হয়নি।
ইরানের আধা সরকারি বার্তা সংস্থা মেহর নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, আহমাদ আলামোলহোদা জানিয়েছেন যে কাউন্সিলের সদস্যরা সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে ঐক্যমত্যে পৌঁছেছেন। তবে আনুষ্ঠানিক ঘোষণার আগে এখনও কিছু প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করা বাকি রয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, এই প্রক্রিয়ার চূড়ান্ত ঘোষণা দেওয়ার দায়িত্ব রয়েছে অ্যাসেম্বলি অব এক্সপার্টের সচিবালয়ের প্রধান হোসেইনি বুশেহরির ওপর। আনুষ্ঠানিক ঘোষণা তিনিই দেবেন বলে জানা গেছে।
অ্যাসেম্বলি অব এক্সপার্ট ইরানের ৮৮ জন জ্যেষ্ঠ ধর্মীয় আলেমের একটি কাউন্সিল, যাদের জনপ্রিয় ভোটের মাধ্যমে নির্বাচিত করা হয়। ইরানে সর্বোচ্চ নেতার পদ শূন্য হলে নতুন উত্তরসূরি নির্বাচন করার সাংবিধানিক দায়িত্ব এই কাউন্সিলের ওপরই ন্যস্ত থাকে।
এর আগে ইসরায়েল হুমকি দিয়ে জানিয়েছিল, ইরানে যাকেই নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচন করা হবে তাকেও লক্ষ্যবস্তু করা হতে পারে। গত শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।

