সৌদি আরব–এ ইরান–এর হামলায় আহত এক মার্কিন সেনাসদস্য মারা গেছেন। বাংলাদেশ সময় সোমবার রাতে এ তথ্য জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড।
মার্কিন সেন্ট্রাল কমান্ড জানায়, সৌদি আরবে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি লক্ষ্য করে ইরানের হামলায় গুরুতর আহত হওয়া ওই সেনা পরে মারা যান।
বিবৃতিতে বলা হয়েছে, গত ১ মার্চ সৌদি আরবে যুক্তরাষ্ট্রের বাহিনীর ওপর হামলার সময় তিনি গুরুতরভাবে আহত হন। “মধ্যপ্রাচ্যে ইরানি বাহিনীর প্রাথমিক হামলার সময় আহত এক মার্কিন সেনাসদস্য গতকাল রাতে মারা গেছেন,” বলেছে সেন্ট্রাল কমান্ড।
এই মৃত্যুর ফলে অপারেশন এপিক ফিউরি–তে নিহত মার্কিন সেনাসদস্যের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাতজনে। বর্তমানে ওই অঞ্চলে বড় ধরনের সামরিক অভিযান অব্যাহত রয়েছে।
সেন্ট্রাল কমান্ড আরও জানিয়েছে, পরিবারের সদস্যদের অবহিত করার ২৪ ঘণ্টা পর নিহত সেনাসদস্যের পরিচয় প্রকাশ করা হবে।
সূত্র: আল জাজিরা।

