ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাঈদ মোজতবা খামেনির নির্দেশে প্রথমবারের মতো ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে দেশটির প্রতিরক্ষা বাহিনী। সোমবার ভোরে তার নির্দেশে ইসরায়েলকে লক্ষ্য করে একগুচ্ছ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়।
ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল আইআরইবি–এর বরাতে বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। আইআরইবি তাদের প্রতিবেদনে মোজতবা খামেনির পূর্ণ নাম উল্লেখ করে জানিয়েছে, নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাঈদ মোজতবা খামেনির নির্দেশেই সোমবার ভোরে দখলদার জায়নবাদী শক্তিকে লক্ষ্য করে একগুচ্ছ ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। এটি নতুন সর্বোচ্চ নেতার নির্দেশে পরিচালিত প্রথম হামলা।
প্রতিবেদনের সঙ্গে একটি ক্ষেপণাস্ত্রের ছবিও প্রকাশ করেছে আইআরইবি। সেখানে একটি বার্তায় লেখা ছিল, ‘আপনার নির্দেশের অপেক্ষায়, সাঈদ মোজতবা।’
গত ২৮ ফেব্রুয়ারি ইরান–ইসরায়েল–যুক্তরাষ্ট্র সংঘাত শুরুর প্রথম দিনেই নিহত হন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তার মৃত্যুর নয় দিন পর ইরানের প্রভাবশালী সংস্থা অ্যাসেম্বলি অব এক্সপার্টস আয়াতুল্লাহর ছেলে মোজতবা খামেনিকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করে।
ইরানের ক্ষমতাকাঠামোয় সর্বোচ্চ নেতার অবস্থান সর্বোচ্চ পর্যায়ে। তিনি দেশটির প্রতিরক্ষা বাহিনীর প্রধান কমান্ডার। সামরিক, গোয়েন্দা, অর্থনীতি, রাজনীতি এবং পার্লামেন্টসহ রাষ্ট্রের প্রায় সব গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সর্বোচ্চ নেতার কর্তৃত্ব চূড়ান্ত বলে বিবেচিত হয়।

