সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মোজতবা খামেনি ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত হওয়ায় সন্তুষ্ট নন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের জ্যেষ্ঠ সাংবাদিক ব্রায়ান কিলমিড সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন।
গতকাল রোববার মোজতবা খামেনিকে ইরানের প্রভাবশালী পরিষদ অ্যাসেম্বলি অব এক্সপার্টস নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচন করে। এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে করা এক পোস্টে ব্রায়ান কিলমিড জানান, তিনি হোয়াইট হাউসে যোগাযোগ করেছিলেন। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, “আমি খুশি নই।”
এর আগে গত ২৮ ফেব্রুয়ারি ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরুর প্রথম দিনেই নিহত হন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তাঁর মৃত্যুর ৯ দিনের মাথায় তাঁর ছেলে মোজতবা খামেনিকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করে ইরানের প্রভাবশালী সংস্থা অ্যাসেম্বলি অব এক্সপার্টস।
মোজতবা খামেনির পূর্ণ নাম আয়াতুল্লাহ সাঈদ মোজতবা খামেনি। তিনি আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে।
এদিকে নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের আগে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন, ইরানের নতুন সর্বোচ্চ নেতা যে-ই হোন, তাঁকে অবশ্যই যুক্তরাষ্ট্রের অনুমোদন নিতে হবে। অন্যথায় তিনি বেশিদিন টিকে থাকতে পারবেন না।
সূত্র: বিবিসি

