ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্যে রাজধানী তেহরান ও কারাজ শহরের কয়েকটি তেল ডিপোতে বিমান হামলা চালানো হয়েছে। হামলার সময় বিস্ফোরণের তীব্র আলোয় রাত যেন মুহূর্তেই দিনের মতো উজ্জ্বল হয়ে উঠেছিল বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। সূত্র: বিবিসি
হামলার পর তেহরানের একটি এলাকায় ব্যাপক আগুন ছড়িয়ে পড়ে। আগুন দ্রুত আশপাশের দোকানপাট ও বসতবাড়িতে ছড়িয়ে পড়ায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের পর দীর্ঘ সময় ধরে আগুন জ্বলতে থাকে।
কারাজ শহরের এক বাসিন্দা বলেন, প্রথমে লাল রঙের তীব্র আলোয় পুরো এলাকা আলোকিত হয়ে ওঠে। এরপরই শোনা যায় বড় ধরনের বিস্ফোরণের শব্দ।
আরেক বাসিন্দা জানান, বিস্ফোরণের পর আকাশে বিশাল লাল ধোঁয়ার মেঘ দেখা যায়। পরে স্থানীয় একটি তেল ডিপোতে আগুন জ্বলতে দেখা যায় এবং অনেক স্থানে কয়েক ঘণ্টা ধরে আগুন জ্বলতে থাকে।
ইরান সরকারের কর্মকর্তারা জানিয়েছেন, হামলার কারণে বাতাসে ক্ষতিকর ও বিষাক্ত পদার্থ ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতিতে তেহরানের বাসিন্দাদের নিরাপত্তার জন্য ঘরের ভেতরে অবস্থান করার পরামর্শ দেওয়া হয়েছে।
এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের পারমাণবিক কর্মসূচি যুক্তরাষ্ট্রের জন্য হুমকি হয়ে উঠায় এই হামলা চালানো হয়েছে। তবে ইরান সরকার বলছে, তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ।
ইরানের জাতিসংঘে নিযুক্ত রাষ্ট্রদূত আমির সৈয়দ ইরাভানি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত অন্তত ১ হাজার ৩৩২ জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরো হাজারো মানুষ।

