তুরস্কের দিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। তাদের দাবি, ক্ষেপণাস্ত্রটি ইরান থেকে ছোড়া হয়েছিল।
সোমবার (৯ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আলজাজিরা।
তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ক্ষেপণাস্ত্রটি ইরান থেকে নিক্ষেপ করা হয় এবং এটি ইরাক ও সিরিয়ার আকাশসীমা অতিক্রম করে তুরস্কের দিকে এগিয়ে আসছিল। পরে পূর্ব ভূমধ্যসাগরে মোতায়েন থাকা উত্তর আটলান্টিক সামরিক জোটের বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সেটিকে আকাশেই ধ্বংস করে।
মন্ত্রণালয় আরও জানায়, ক্ষেপণাস্ত্র ধ্বংস হওয়ার পর এর কিছু ধ্বংসাবশেষ তুরস্কের দক্ষিণাঞ্চলের গাজিয়ানতেপ এলাকায় পড়ে। তবে এতে কোনো হতাহত বা আহতের ঘটনা ঘটেনি।
তুরস্কের কর্মকর্তারা বলেছেন, দেশের আকাশসীমা ও নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সামরিক প্রস্তুতি সর্বোচ্চ পর্যায়ে রাখা হয়েছে। একই সঙ্গে তারা সতর্ক করে বলেছেন, দেশের বিরুদ্ধে যেকোনো শত্রুতামূলক কর্মকাণ্ডের জবাব দেওয়ার অধিকার তুরস্ক সংরক্ষণ করে।
তবে এর আগে তুরস্ক, সাইপ্রাস এবং আজারবাইজানে হামলার অভিযোগ অস্বীকার করেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাঈল বাঘেই এ বিষয়ে ইরানের অবস্থান স্পষ্ট করেন।
সোমবার অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, গত এক সপ্তাহে তুরস্ক, সাইপ্রাস এবং আজারবাইজানের দিকে ইরানের ভূখণ্ড থেকে কোনো ধরনের সামরিক হামলা চালানো হয়নি।
তিনি আরও বলেন, যেসব হামলার খবর প্রকাশিত হয়েছে তার কিছু সাজানোও হতে পারে। শত্রুপক্ষ ইরান ও অন্যান্য দেশের মধ্যে সম্পর্কের বিভেদ সৃষ্টি করতে পরিকল্পিতভাবে এমন ঘটনা ঘটাতে পারে বলে তারা আগেও সতর্ক করে এসেছে।

