মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনার মধ্যে সংযুক্ত আরব আমিরাত অভিযোগ করেছে, দেশটিকে ‘অযাচিতভাবে’ লক্ষ্যবস্তু করা হচ্ছে। একই সঙ্গে তারা স্পষ্ট করেছে, ইরানের বিরুদ্ধে কোনো ধরনের হামলায় আমিরাত অংশ নেবে না। সূত্র: এএফপি
সোমবার (৯ মার্চ) জাতিসংঘে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত জামাল আল মুশারখ জেনেভায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান।
তিনি বলেন, বর্তমান আঞ্চলিক পরিস্থিতির আগে এবং এখনও আমিরাত অত্যন্ত স্পষ্ট অবস্থান নিয়েছে। দেশটি তার ভূখণ্ড ব্যবহার করে ইরানের বিরুদ্ধে কোনো হামলায় অংশ নেবে না এবং এ ধরনের কোনো সংঘাতে জড়াবে না।
এদিকে তুরস্ককে লক্ষ্য করে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টাকে ‘বিপজ্জনক উস্কানি’ বলে উল্লেখ করে এর তীব্র নিন্দা জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত।
এক বিবৃতিতে আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তুরস্কের আকাশসীমায় প্রবেশের পর ন্যাটোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রটি শনাক্ত করে আকাশেই ধ্বংস করে।
বিবৃতিতে বলা হয়, এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে তুরস্ককে লক্ষ্য করে এটি দ্বিতীয়বার হামলার চেষ্টা। এ ধরনের পদক্ষেপকে ‘রাষ্ট্রীয় সার্বভৌমত্বের চরম লঙ্ঘন’ এবং আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি হিসেবে উল্লেখ করেছে দেশটি।
সংযুক্ত আরব আমিরাত বলেছে, প্রতিবেশী ও বন্ধুপ্রতীম দেশগুলোর ওপর ধারাবাহিক এ ধরনের হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং এটি পুরো অঞ্চলে উত্তেজনা আরও বাড়িয়ে দিতে পারে।
এর আগে গত সপ্তাহেও তুরস্ককে লক্ষ্য করে ইরান ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা করেছে বলে অভিযোগ করে আঙ্কারা। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ওই অভিযোগ অস্বীকার করেছে। সোমবারের সর্বশেষ হামলার অভিযোগের বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

