আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ)–র মহাপরিচালক রাফায়েল গ্রোসি বলেছেন, ইরানের ইসফাহান–এ অন্তত ৬০ শতাংশ সমৃদ্ধ ২০০ কেজিরও বেশি ইউরেনিয়াম মজুত রয়েছে বলে তারা বিশ্বাস করেন।
বার্তা সংস্থা রয়টার্স–এর খবরে বলা হয়েছে, গ্রোসি জানিয়েছেন যে আইএইএ–র ধারণা অনুযায়ী ওই ইউরেনিয়াম এখনো ইসফাহানেই রয়েছে এবং তা অন্য কোথাও সরানো হয়নি।
গত বছরের ১২ দিনের যুদ্ধে যুক্তরাষ্ট্র ইরানের প্রধান পারমাণবিক স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালায়।
সে সময় ইরানের ইসফাহান, নাতাঞ্জ এবং ফোরদো–র পারমাণবিক স্থাপনাগুলোতে বোমা হামলা চালানো হয়েছিল।
এরপর থেকেই আইএইএ ধারাবাহিকভাবে এসব হামলার শিকার স্থাপনা পরিদর্শনের আহ্বান জানিয়ে আসছে এবং জানতে চাইছে সেখানে থাকা সমৃদ্ধ ইউরেনিয়াম এখন কোথায় এবং কী অবস্থায় রয়েছে।
তবে ইরান বলছে, যে পারমাণবিক স্থাপনাগুলো বোমা হামলার শিকার হয়েছে সেগুলো পরিদর্শনের জন্য আন্তর্জাতিক পর্যায়ে কোনো পরিষ্কার বা সুনির্দিষ্ট নিয়ম নেই।
ইরান আরও জানিয়েছে, সামরিক হামলার শিকার হওয়া পারমাণবিক স্থাপনা পরিদর্শনের বিষয়ে কোনো নির্দিষ্ট নির্দেশিকা না থাকায় তারা এসব স্থাপনা পরিদর্শনের অনুমতি দেয়নি। এমনকি এ বিষয়ে এখন পর্যন্ত কোনো তথ্যও প্রকাশ করেনি তেহরান।
সূত্র: রয়টার্স

